প্রিন্ট এর তারিখঃ Sep 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি ঘটনায় সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যেকোয়েটার উপকণ্ঠে পুলিশের সঙ্গে গোলাগুলিতে পাঁচজন এবং তুরবাত জেলার জৌসাক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিরাপত্তা বাহিনীর একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। খবর সামা টিভির।
নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, কোয়েটার উপকণ্ঠের আগবার্গ এলাকায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের পাল্টা অভিযানে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের (এফসি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের সহযোগী কিংবা অন্য কোনো হুমকি রয়েছে কি না, তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় তল্লাশি ও নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।
এদিকে, তুরবাত জেলার জৌসাক এলাকায় জঙ্গিদের অবস্থানের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি হয়। এতে দুই জঙ্গি নিহত হন।
পরে পালিয়ে যাওয়া অন্যদের ধরতে ওই এলাকায় তল্লাশি, ক্লিয়ারেন্স ও স্যানিটাইজেশন অভিযান চালানো হয়। কর্মকর্তারা জানান, অভিযানটি চলমান জঙ্গিবিরোধী নিরাপত্তা কার্যক্রম ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা ৩’-এর অংশ।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।